বিনোদন ডেস্ক
চলতি বছরে অন্যতম বিগেস্ট ব্লকবাস্টার অ্যানিমেল। চিত্রনাট্য থেকে সিনেমার গান মন জয় করে নিয়েছে দর্শকের। তবে অ্যানিমেলের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। তবে এই দুজনকে ছাপিয়ে পার্শ্ব চরিত্রে (ভাবি) অভিনয় করে যিনি চর্চার কেন্দ্রে রয়েছেন, তিনি হট অ্যান্ড বোল্ড ডিভা তৃপ্তি দিমরি। কেবল এই সিনেমায় রণবীরের সঙ্গে খোলামেলা শয্যাদৃশ্যে অভিনয় করেই ঝড় তুলেছেন তৃপ্তি। শুধু তাই নয়, বছরের শেষে এত পরিমাণ শোরগোল ফেলে দেন এই অভিনেত্রী, যার দরুণ ভারতের জাতীয় ক্রাশ উপাধি পান তৃপ্তি। এর আগে এই উপাধি ছিল দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার।
অ্যানিমেল ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করা তৃপ্তি দিমরির কপাল খুলেছে বলে মন্তব্য করছেন বলিউড বিশ্লেষকরা। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন তৃপ্তি। সেই ধারাবাহিকতায় এবার রোমান্টিক ড্রামায় দেখা যাবে তাকে। বিপরীতে থাকছেন বলিউডের দ্য মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর কার্তিক আরিয়ান। ছবির নাম ‘আশিকি ৩’। পরিচালক অনুরাগ বসুর নির্দেশনায় তৈরি হবে আশিকি ৩। অনেক দিন ধরেই আশিকি ৩-এর নায়িকা নির্বাচন নিয়ে একটা টালবাহানা চলছিল। বছর শেষে কার্তিক-তৃপ্তি জুটিতে পড়ল সিলমোহর। ২০২৪-এ শুরু হবে সিনেমার শুটিং।
এর আগে, ২০১৩-তে মোহিত সুরি তৈরি করেছিলেন আশিকি ২। আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটির এই ছবিটি বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। ১৯৩৭-এর মুভি আ স্টার ইজ বর্ন ছবির প্রেক্ষাপটে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক। কার্তিক-তৃপ্তির রোমান্স দর্শককে তৃপ্ত করতে পারে কি না সেটা তো সময়ই বলবে।
২০২০-তে তৃপ্তি অভিনীত বুলবুল ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরে ২০২২-এ বাবিল খান ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের কালা-তেও তৃপ্তির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। কার্তিক অভিনীত শেষ ছবি সত্যপ্রেম কি কথা। কিয়ারা আদভানির সঙ্গে জুটি বেঁধেছিলেন। ছবিটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। তবে ভুলভুলাইয়া ২- ই ছিল কার্তিকের ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি।

