একাত্তর বাংলাঃ-
করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট (উপ-ধরন) জেএন.ওয়ান (JN.1) নিয়ে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
বার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোকে সতর্ক হওয়ায় আহ্বান জানিয়েছে সংস্থাটি।
কোভিড-১৯-এর এ ধরনটির কারণে শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। সেই সঙ্গে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হচ্ছে মানুষ। এই সংখ্যা বাড়তে থাকায় ডাব্লিউএইচও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার কথা বলেছে।
বার্তায় বলা হয়, বিশ্বব্যাপী এর প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এটি জনস্বাস্থ্যের জন্য তেমন ঝুঁকিপূর্ণ নয়।
শীতকালে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে। যার ফলে করোনার প্রকোপও বাড়ে। নতুন এই উপধরণটি সে কারণে সহজে বিস্তার লাভ করছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. ক্ষেত্রপাল বলেন, ‘যেহেতু শীতকালে ছুটিতে মানুষ বেশি ভ্রমণ করে। তাই ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তাদের জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া সবার আগে জরুরি।’
তিনি কোভিড-১৯ এর টিকা নেয়ার ব্যপারেও জোর দেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সকল ভ্যাক্সিন করোনার নতুন এ উপধরনের বিরুদ্ধেও কার্যকর বলে তিনি উল্লেখ করেন।
কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা এবং ফলাফল কমে এসেছে বলে উল্লেখ করে এ বিষয়ে নজরদারি বাড়িয়ে নমুনা পরীক্ষা, রিপোর্ট জমা দেয়া এবং ঠান্ডাজনিত সকল রোগের পরীক্ষা করিয়ে জনস্বাস্থ্য রক্ষার আহবানও জানান তিনি।

