একাত্তর বাংলাঃ-
বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ বিজয় মিছিলে বাধা নেই। তবে নির্বাচন বিরোধী বক্তব্য দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার রাজারবাগের পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর একথা জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে আইন লঙ্ঘন করে, সহিংসতা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন।
আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী কেউ নির্বাচন বিরোধী কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে।’
কাউকে বিজয় আনন্দ প্রকাশ করতে মানা করছি না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে সংযতভাবে চলতে হবে। নির্বাচন বিরোধী বক্তব্য দেওয়া যাবে না। শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় শোভাযাত্রা বের করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। এখনও পুলিশের তরফ থেকে ইতিবাচক কোন সাড়া না পেলেও বিজয় শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে দলটি।
গত ২৮ অক্টোবরে দলীয় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের সামনে এবারই প্রথম জড়ো হবে বিএনপির নেতা-কর্মীরা।
এর আগে বিএনপির তরফ থেকে জানানো হয়, ১৬ ডিসেম্বর বেলা ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

