একাত্তর বাংলাঃ-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিকদের সঙ্গে ৭ আসনে আওয়ামী লীগের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি দৈনিক বাংলাকে বলেছেন, আসন বণ্টন প্রায় চূড়ান্ত হয়েছে। ৭ আসন শরিকদের দেয়া হয়েছে।
তবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মুখোমুখি হতে হবে শরিক দলের প্রার্থীদের।
আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, শরিকদের আসন ছাড়ের বিষয়টি গত বুধবার চূড়ান্ত করা হয়েছে। ওই দিন রাতে ছাড় দেয়া আসনের তালিকা জোটের মুখপাত্র ও সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে জানানো হয়, বর্তমান সংসদে ১৪ দলীয় জোটের ৪টি দলের আটজন সংসদ সদস্য থাকলেও এবার তিনটি দলের সাতজনকে ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, শরিকদের সাত থেকে আটটি আসনে ছাড় দেবে আওয়ামী লীগ। এর মধ্যে ১৪ দলীয় জোটের শরিক তিনটি দলকে সাতটি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টিকে ছাড় দেবে একটি আসনে। ওয়ার্কার্স পার্টিকে ছাড় দেওয়ার তালিকায় আছে বরিশাল-৩ (রাশেদ খান মেনন), রাজশাহী-২ (ফজলে হোসেন বাদশা) ও সাতক্ষীরা-১ (মুস্তফা লুৎফুল্লাহ) আসন। এসব আসনে দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকায় নির্বাচন করবে। জাসদকে ছাড়ের তালিকায় আছে কুষ্টিয়া-২ (হাসানুল হক ইনু), বগুড়া-৪ (এ কে এম রেজাউল করিম তানসেন) ও লক্ষ্মীপুর-৪ (মোশাররফ হোসেন)। জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতারকে (ফেনী-১) আসনে ছাড় না দিয়ে নির্বাচনের পরে তাঁকে সংরক্ষিত আসনে এমপি বনানো হতে পারে বলে সূত্রে জানা গেছে।
জাতীয় পার্টি-জেপিকে পিরোজপুর-২ (আনোয়ার হোসেন মঞ্জু) আসন ছাড় দেওয়া হবে। এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। বঙ্গবন্ধু পরিবারের এ সদস্যকে ঢাকা-১৪ আসনে ছাড় দেওয়া হতে পারে বলে জানা গেছে। ছাড় দেওয়া আসনে শরিকদের নৌকা প্রতীক দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি দেবে আওয়ামী লীগ।
গত ৪ ডিসেম্বর ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন জোট প্রধান শেখ হাসিনা। সেখানে আসন ভাগের বিষয়ে আলোচনা সমন্বয় করতে জোটের সমন্বয়ক আমির হোসেন আমুকে দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনিসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েক দফা বৈঠক করেন। সর্বশেষ ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত ছাড়কৃত আসনের তালিকা আওয়ামী লীগ জানিয়ে দেবে শরিকদের।
এদিকে ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের আসন বণ্টন, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন-পরবর্তী বিএনপি-জামায়াতসহ বিদেশিদের ষড়যন্ত্রের’ বিষয়ে শুক্রবার সকালে ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

