একাত্তর বাংলাঃ-
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ডলার ঋণের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তরে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির ঋণের অর্থ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরপরই দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার বাংলাদেশের অ্যাকাউন্টে (হিসাবে) ঢুকেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়ে বলেন, “আইএমএফের নির্বাহী বোর্ড আমাদের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ডলার অনুমোদন দিয়েছে। অনুমোদনের সঙ্গে সঙ্গে তারা সেই অর্থ আমাদের অ্যাকউন্টে স্থানান্তর করেছে। এতে আমাদের রিজার্ভ বেড়েছে। কয়েক দিনের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের ৮০ কোটি (৪০ +৪০ কোটি) ডলার পাবো। তাতে রিজার্ভ আরও বাড়বে।”
চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। অনুমোদনের দুই দিনের মাথায় ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার ছাড় করে সংস্থাটি; যোগ হয় রিজার্ভে।

