শেরপুর প্রতিনিধিঃ-
শেরপুর সদরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ চার চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫০ বস্তা চিনি জব্দ করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের আমতলী এলাকা থেকে চিনিসহ ট্রাক ও চোরাকারবারিদের আটক করা হয়।
আটকরা হলেন- চিনির মালিক জামালপুরের লাঙ্গলজোরা এলাকার বাসিন্দা মানিক মিয়া ও আইয়ুব আলী। আর দুই গাড়িচালক মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জের কালীবাড়ি গ্রামের আনিস (২৮) ও ময়মনিসংহের ফুলপুর উপজেলার নাজমুল হোসেন (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ধুবাউড়া থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনি তিনটি মিনি ট্রাক জামালপুর নিয়ে যাচ্ছিল। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে এলে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাক ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হবে।’

