স্টাফ রিপোর্টার

- বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে নির্বাচন কমিশন ভেবে দেখবে। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা বলেন।
একটি বড় দল (বিএনপি) এবং আরো অনেক দল ভোটের বাইরে আছে, তারা যদি ভোটে ফিরতে চায়, এই তফসিলে কি ফেরা সম্ভব বা বিএনপির জন্য কোনো বিবেচনা থাকবে? এই প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, দেখেন যদি ফিরতে চান, আমার জানামতে পূর্বেও উনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন। উনারা যদি ফিরতে চান, কিভাবে কী করা যাবে, নিশ্চয় আমরা আলোচনা করবো। সিদ্ধান্ত নেবো। উনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করবো। কখনোই চাইবো না যে উনারা আসতে চেয়েছেন, আমরা ফিরায়ে দেবো। এটা হবে না।
তিনি বলেন, বিস্তারিত এখন কিছুই বলবো না। উনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়।

