একাত্তর বাংলা রিপোর্ট :
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১ হাজার ৬৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে ১ হাজার ৫০ জন সশরীরে আর ১৪ জন অনলাইনে কিনেছেন। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সশরীরে উপস্থিত হয়ে ১ হাজার ৫০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর অনলাইনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মোট ১০৬৪ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর তিনি নিজের মনোনয়ন সংগ্রহ করেন। গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান এবং সাধারণ সম্পাদক বিএম সাহাব উদ্দিন আজম উপস্থিত ছিলেন।
আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। দলীয় প্রার্থীরা ১৮ই নভেম্বর সকাল ১০টা থেকে ২১শে নভেম্বর প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

