ছবি – বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
- বিশেষ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান। নির্বাচনের এই আয়োজনকে ‘ভোটরঙ্গ’ আখ্যায়িত করে তিনি বলেন, জনগণ এটা বাস্তবায়ন হতে দেবে না। এই তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা।নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

