মতিন রহমানঃ- জামালপুরের বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোতালেব হোসেন বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের যদুরচর টেংরামারী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে যদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৯) স্কুলে যায়। এরপর বিদ্যালয় বন্ধ দেখে বাড়ি ফেরার পথে যদুরচর এলাকায় মোতালেব হোসেন (৬০) নামে বৃদ্ধ তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মোতালেব শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি কাউকে কিছু না বলার জন্য তাকে হুমকি-ধামকি দেয়।
বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ভুক্তভোগী শিশুর বাবা-মা বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতিকে বিষয়টি অবহিত করলে চেয়ারম্যান স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, চেয়ারম্যান মুঠোফোনে বিষয়টি অবহিত করলে তাৎক্ষনিক এলাকায় তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। বৃহস্পতিবার সকালে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

