তরকারিতে তেল বেশি দেয়ার অভিযোগ তুলে নাটোরে মুক্তি বেগম নামে এক গৃহবধূকে নির্যাতন করে হাতের পাঁচটি আঙুল কেটে দিয়েছে স্বামী।
রোববার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুক্তি বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কৃষক আব্দুল হাই ১৩ বছর আগে একই উপজেলার আটঘড়িয়া এলাকার মুক্তি বেগমকে বিয়ে করেন। তাদের ঘরে ১১ ও ৮ বছরের মেয়ে ও ছেলে রয়েছে। স্ত্রী মুক্তির ওপর তুচ্ছ সব কারণে স্বামী আব্দুল হাইয়ের নিপীড়নের ঘটনা নিয়মিত।
নির্যাতিতা মুক্তি মোবাইল ফোনে অভিযোগ করেছেন, গত রোববার দুপুরে খাওয়ার সময় তরকারিতে তেল বেশি দেয়ার অভিযোগ তুলে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে স্বামী। এক পর্যায়ে পাশে থাকা হাঁসুয়া দিয়ে মুক্তির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এ সময় হাত দিয়ে ঠেকাতে গেলে হাঁসুয়ার কোপে তার বাম হাতের ৫টি আঙুল কেটে যায়। এদিকে স্বামী পলাতক রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় মুক্তির পরিবার।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, মঙ্গলবার লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযুক্ত স্বামীকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

