সুমন ভৌমিকঃ নেত্রকোণা মডেল থানা’র অফিসার ইনচার্জ (ওসি) শাকের আহমেদ এর নির্দেশে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ ১ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, মঙ্গলবার (১৯ এপ্রিল) নেত্রকোণা মডেল থানা’র ওসি শাকের আহমেদ এর কাছে গোপন সূত্রে তথ্য আসে নেত্রকোনা পৌরসভাধীন পারলাস্থ শাহজালাল (রঃ) এন্টারপ্রাইজ নামক বাসকাউন্টারের সামনে ৪৪ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেই সূত্র ধরে ওসি শাকের আহমেদ থানা পুলিশকে নির্দেশ দেন মাদক ব্যবসায়ীদের ধরার জন্য। ওসি শাকের আহমেদ এর নেতৃত্বে এসআই আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, এমদাদুল হক রানা, এএসআই সুবেন, আবু রায়হান আজাদ, কনস্টেবল জাকারিয়া, সুপার ডিও, মনিরুজ্জামান, সুজন ও শাহীনদেরকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে শাহজালাল (রঃ) এন্টারপ্রাইজ বাসকাউন্টারের সামনে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানকালে বাসকাউন্টারের সামনে থাকা দুটি ট্রলি ব্যাগ ও পাঁচটি স্কুল ব্যাগ থেকে সর্বমোট ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবান আলীকে (২৬) থানা পুলিশ গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

নেত্রকোণা মডেল থানা’র ওসি শাকের আহমেদ প্রতিবেদনকে জানায়, মৃত নওয়াব আলী’র ছেলে কোরবান আলী (২৬) একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানার কড্ডা নান্দোন (গোলটেক) গ্রামে।
ওসি শাকের আহমেদ আরো জানায়, মাদক ব্যবসায়ীরা গাঁজাগুলো সুনামগঞ্জ জেলা থেকে সংগ্রহ করে এবং ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নেত্রকোণা পৌরসভাধীন পারলাস্থ শাহজালাল (রঃ) এন্টারপ্রাইজ বাসকাউন্টারের সামনে ৪৪ কেজি গাঁজা নিয়ে অবস্থান নেয়। বাসে উঠার প্রস্তুতি নিলে আভিযানিক টিম কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবান আলীকে গ্রেফতার করে।
ওসি শাকের আহমেদ এসময় জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবান আলীকে গ্রেফতারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত কোরবান আলী’র বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযানকালে পালিয়ে যাওয়া অন্যান্য মাদক ব্যবসায়ীদের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকেও গ্রেফতার করা হবে।

