রোকসানা আক্তারঃ ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ে সিএনজি স্ট্যান্ড এর পাশে অবস্থিত প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে ৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত হয়। উক্ত দিবস আয়োজন করেন ওয়ার্ক ফর লাইফ, ময়মনসিংহ।
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবসের অনুষ্ঠানটি সূচনা হয় ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে। ভার্চুয়াল মিটিং-এ ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার।

পরে ভার্চুয়াল মিটিং শেষ করে উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ পিপিসি’র কো-অডিনেটর রাজন বীন।
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস অনুষ্ঠানের অতিথি পিসিসি’র নির্বাহী পরিচালক গ্রেনার মারাক প্রতিবন্ধী ছেলে ও মেয়েদের জন্য খেলার মাঠ এবং পিসিসি’র অফিসের জন্য ভালো মানের একটা জায়গার দাবি করেন।
ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ তার বক্তব্যে প্রতিবন্ধী ছেলে ও মেয়েদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। এছাড়া প্রতিবন্ধী ছেলে ও মেয়েদের জন্য খেলার মাঠ এবং তাদের উচ্চ শিক্ষার জন্য যা যা করণীয় সেগুলো তিনি করার চেষ্টা করবেন। তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওয়ার্ক ফর লাইফ এর আয়োজনে ১০০ জন প্রতিবন্ধী ছেলে ও মেয়ে এবং অভিভাবক অংশগ্রহন করেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে টি-শার্ট, একটি ক্যাপ, সুরক্ষা সামগ্রী এবং যাতায়াত সুবিধাসহ খাবারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিভাবান প্রতিবন্ধীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং সকল প্রতিবন্ধীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

