স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি মধ্যপাড়ায় সুদের টাকা দিতে না পাড়ায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে তার কিশোরী মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে সশস্ত্র সুদ ব্যবসায়ী প্রতিবেশী সোহেল গংদের বিরুদ্ধে। এঘটনায় বৃহস্পতিবার ২২ জুলাই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গার্মেন্টস কর্মী সাবিনা আক্তার। অভিযোগ তুলে নিতে সন্ত্রাসীদের অনবরত হুমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে ভুক্তভোগী জানায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নেয়নি থানা পুলিশ জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগে জানা যায়, কাকনহাটি ইউপির মধ্যপাড়া ঠাকুরবাড়ির গার্মেন্টস কর্মী রফিকুল ইসলাম ও স্ত্রী সাবিনা আক্তার সংসারের অসচ্ছলতা এবং করোনাকালীন পরিস্থিতিতে প্রতিবেশী সোহেল গংদের কাছ থেকে মাসিক চার হাজার টাকা সুদে বিশ হাজার টাকা নেয় রফিকুল। গত আড়াই বছরে ১ লাখ ২০ হাজার টাকা সুদ দিলেও সর্বশেষ ২০ হাজার টাকা দিতে না পাড়ায় সম্প্রতি সাবিনার ১৩ বছর বসয়ী কিশোরী মেয়েকে উঠিয়ে নেয়ার হুমকি দেয় সোহেল গং।
এরই জেরে গত ২২ জুলাই বৃহস্পতিবার দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত সাবিনার বাড়ি-ঘরে হামলা চালায় সন্ত্রাসীরা। কিশোরী কন্যাকে ঘর থেকে টেনে হেছড়ে নিয়ে যেতে চাইলে বাবা রফিকুল ইসলাম, মা সাবিনা আক্তার বাধা দিলে দুজনকেই এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে সোহেল গং সন্ত্রাসীরা।
এ ঘটনায় হামলাকারী সোহেল (৩৫), রাসেল (২৭) উভয় পিতা আব্দুর রশিদ, আব্দুর রশিদ (৬০) পিতা মৃত রুসতম আলীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাবিনা। পুলিশ ঘটনা তদন্তে এলাকায় গেলে পুলিশের অনুপস্থিতিতে ২৩ জুলাই সন্ধ্যায় দুই দফায় হুমকির মুখে পড়েন অভিযোগকারী। বিবাদীদের ইন্ধনে অভিযোগ তুলে নিতে স্থানীয় প্রভাবশালী সুদ কারবারীদের একটি চক্রের হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানায় অভিযোগকারী।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত সোহেল গংদের চড়া সুদের জালে পড়ে বেশ কয়েকটি পরিবার অসহায় হয়ে পড়েছে। এলাকার সাবেক এক প্রভাবশালী জনপ্রতিনিধির ইন্ধনে সুদের টাকা আদায়ে এরা সন্ত্রাসী কায়দায় অসহায়দের জিম্মি করে সুদ বাণিজ্য চালাচ্ছে। ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

