সুমন ভৌমিকঃ ময়মনসিংহে নিউজ পোর্টাল এর প্রকাশককে নির্যাতনকারী প্রধান আসামী সন্ত্রাসী শাহীনকে ৯ মে সন্ধ্যায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
৭৫ বাংলাদেশ নিউজ পোর্টাল-এ সংবাদ প্রকাশের পর প্রকাশক মাইন উদ্দীন উজ্জলের উপর সন্ত্রাসী শাহীনসহ ১০/১২ জন রাত আনুমানিক ১১ টায় হামলা করে ও কুপিয়ে আহত করে। আহত মাইন উদ্দীন উজ্জল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি হয় এবং পরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ৯৮(৩)২০২১ মামলা দায়ের করেন।
জানা যায়, মামলার তদন্তকারী অফিসার সোহেল বহুবার অভিযান চালিয়ে আসামীদের কাউকে গ্রেফতারে সফল হননি। কিন্তু আসামীরা এলাকায় প্রচার চালায়, মামলা খেয়ে ফেলেছি! পুলিশকে টাকা দিয়েছি, এমন প্রচারণা চালানোর পর বাদী নিরাশ হন।
কোতেয়ালী থানা পুলিশের তৎপরতায় ব্যর্থতা দেখার পর বাদী মামলাটি পুলিশ সুপার বরাবরে ডিবি কর্তৃক তদন্তের দাবী জানালে, আবেদনটি ব্যবস্থা নেয়ার জন্য সদর সার্কেলকে দায়িত্ব দিলে তা আলোর মুখ দেখেনি। বাদী তাতেও নিরাশ হন।
পরে বাদী পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের কাছে ফের শরণাপন্ন হলে, তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য ডিবিতে মামলা হস্তান্তর করেন। ডিবি পুলিশ মামলাটি পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামী শাহীনকে শম্ভুগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, সন্ত্রাসী ও কুখ্যাত চোরের বাহিনীর হাতে নির্যাতিত ৭৫ বাংলাদেশ নিউজ পোর্টাল এর প্রকাশক মাইন উদ্দীন উজ্জল কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা পর ৪৫ দিন অতিবাহিত হয়। এসময়ে থানা পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
থানা পুলিশ ব্যর্থ হলে বাদী পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর শরণাপন্ন হলে তিনি ডিবিকে মামলার দায়িত্ব দেন। কিন্ত আশ্চর্যের বিষয় হলো থানা পুলিশ ৪৫ দিনে যা পারেনি, তা ডিবি পুলিশ ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী শাহীনকে গ্রেফতার করে দেখিয়ে দিয়েছে ডিবি’র কৃতিত্ব। এছাড়া আসামীদের মধ্যে ৬ জন আদালতে হাজির হয়ে জামিনে মুক্ত রয়েছে।
অবৈধ আগ্নেয়াস্ত্রধারী কুখ্যাত শাহীনকে গ্রেফতারের খবর পেয়ে এলাকাবাসী আনন্দ উল্লাস করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রফেসর মোহাম্মদ হাসান আলী বাবুল, একাধিক ইউপি সদস্য ও স্থানীয়রা পুলিশ প্রশাসনকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। অপরদিকে মোবাইলে এক ক্ষুদে বার্তায় মামলার বাদী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। ডিবি পুলিশের সফলতা সাংবাদিক সমাজ সাধুবাদ জানিয়েছে।

