সুমন ভৌমিকঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০ জানুয়ারী বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম) ভার্চুয়ালি ময়মনসিংহ রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোতে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে পর্যায়ক্রমে সকল বিট অফিসারদেরকে বিট পুলিশিং এর SOP সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া সকাল ১১টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর-ডিসেম্বর/২০২০ মাসের ত্রৈমাসিক এবং ডিসেম্বর/২০২০ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে অপরাধ সভায় অক্টোবর-ডিসেম্বর/২০২০ মাসের ত্রৈমাসিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে “OExcellence of Performanceo” পুরস্কার দেওয়া হয়।
উক্ত অপরাধ সভায় ক্যাটাগরি অনুযায়ী- সাজা পরোয়ানা, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি, নন এফআইআর প্রসিকিউশন দাখিল, ভিকটিম উদ্ধার, চোরাই মালামাল, মাদক উদ্ধারসহ বিট পুলিশিং কার্যক্রমের জন্য শেরপুর জেলার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করেন ও চোরাই মটরসাইকেল, অটোরিক্সা, বিদেশী পিস্তল, মাদক উদ্ধারের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করেন এবং সাজা পরোয়ানা, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তির জন্য জামালপুর জেলার, মেলান্দহ থানার এএসআই আলী হোসেন নিষ্পত্তিকারী অফিসার হিসাবে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করেন। ময়মনসিংহ রেঞ্জের সুযোগ্য ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাস উদ্দিন ভূঁইয়া, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা), জামালপুর জেলার পুলিশ সুপার দেলোয়ার হোসেন, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, নেত্রকোনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুন্সি, শেরপুর জেলার পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, রেঞ্জ অফিসের পুলিশ সুপার বাছির উদ্দিন, পুলিশ সুপার অপরাধ ফারুক হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আফরোজাসহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলার কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ রেঞ্জ অফিস জানায়, রেঞ্জাধীন জেলাসমূহে আলোচ্য কোয়ার্টারে ৩১৯৪টি মামলা রুজু হয়েছে কিন্তু বিগত কোয়ার্টারে মামলা রুজু হয়েছিল ৩২৫০টি অর্থাৎ আলোচ্য কোয়ার্টারে ৫৬টি মামলা কম রুজু হয়েছে। এছাড়া সম্পত্তি সংক্রান্ত অপরাধ অর্থাৎ ডাকাতি খাতে এ কোয়ার্টারে কোন মামলা রুজু হয়নি কিন্তু বিগত কোয়ার্টারে ৩টি মামলা রুজু হয়েছিল। দস্যূতা খাতে এ কোয়ার্টারে ৫টি মামলা রুজু হয়েছে। পক্ষান্তরে বিগত কোয়ার্টারে ৯টি মামলা রুজু হয়েছিল।
এছাড়া জানা যায়, আলোচ্য কোয়ার্টারে ডাকাতি দস্যূতা খাতে মামলা হ্রাস পায় এবং রেঞ্জাধীন জেলাসমূহে আলোচ্য কোয়ার্টারে ৮২৪টি সাজা পরোয়ানা নিষ্পত্তি করা হয়। এতে বিগত কোয়ার্টার থেকে আলোচ্য কোয়ার্টারে মূলতবী পরোয়ানা ১৪৬টি হ্রাস পায়।
এছাড়া আর জানা যায়, আলোচ্য সময়ে ৭৩৮টি মাদক মামলা রুজু করা হয় এবং ১০৫৮জন আসামীকে গ্রেফতার করা হয় এবং ১,১৭,৩১,০৯৫ (এক কোটি সতের লাখ একত্রিশ হাজার পঁচানব্বই) টাকার পরিমান মাদক উদ্ধার করা হয়।

