একাত্তর বাংলা রিপোর্টঃ শুক্রবার রাতে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে, এ সময় গ্রেফতার করা হয় আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ১২ সদস্যকে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় পুলিশ পরিদশক(তদন্ত) ফারুক আহম্মেদের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সংগীয় ফোর্সসহ ডিবির একটি টিম দিঘারকান্দা বাইপাস এলাকায় অভিযান চালায়। দিঘারকান্দাস্থ হাজী মোঃ বাদল মিয়ার রড সিমেন্টের দোকানের (মেসার্স ভাই ভাই ট্রেডার্স) সামনে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের সংলগ্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫ টি চোরাই মোটরসাইকেলসহ ১২জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং আন্তঃজেলা মটরসাইকেল চুরির সাথে যুক্ত। চোর চক্রটির গ্রেফতারকৃত ১২জন সদস্য হলো মোঃ শিমুল ইসলাম শিপন(২৬), মোঃ আবু বক্কর(৩২), মোঃ মানজু মিয়া(২৩), মোঃ জুনাইদ(২৫), মোঃ হেফজু মিয়া(২২), মোঃ মুছা মিয়া(২৫), মোঃ আকাশ(২৫), মোঃ জাহাঙ্গীর(২০), মোঃ ইকরাম(২০), মোঃ আলম মিয়া (২২), মোঃ মোকারম(২২) ও মোঃ রাজিব মিয়া(৩৫)।
চক্রটি আন্তঃজেলা মটর সাইকেল চুরির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত বলে ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

