মোঃ রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ “আমি ডাক্তার তাই ডাক্তারের কষ্ট আমি বুঝি” কোনো ডাক্তার কষ্টে থাকবে তা আমি চাই না, এটা হতে পারে না। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সরিষাবাড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এ কথাগুলো বলেন।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতগুলো সমস্যার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে আসছে। তন্মধ্যে গাইনী ও এ্যানেসথেসিয়া কনসালটেন্ট পদ শুন্য থাকায় সিজার কার্যক্রম বন্ধ, অসুস্থ রোগীদের হুইল চেয়ার সরবরাহকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, আলট্রাসনোগ্রাম মেশিনের মাদারবোর্ড নষ্ট থাকায় কার্যক্রম বন্ধ, সার্বক্ষনিক আলোর জন্য সোলার প্যানেল না থাকা, হাসপাতালে কাঁচ ভাঙ্গা এবং ডাক্তারদের বসার সু-ব্যবস্থা না থাকা।
বিভিন্ন সমস্যার সমাধানে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি স্বাস্থ্য কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভায় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা যেন দূর হয় এর জন্য মুঠোফোনে বিভিন্ন জায়গায় কথা বলেন ও কাজ দ্রুত বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এবং উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম, জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সোহান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ শাহেদুর রহমান, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

