বিনা অপরাধে আটক করে নানীর ভিক্ষার টাকা ঘুষ পেয়ে নাতিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে ভৈরব থানার এএসআই মাজহারুল হকেরে বিরুদ্ধে। ওই ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপারের নজরে এলে শনিবার দুপুরে এএসআইকে কিশোরগঞ্জের পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, শনিবার (২০ জুলাই) দুপুরে এএসআই মাজহারুল হককে থানা থেকে রিলিজ দেয়া হয়েছে।
ঘটনার বর্ণনা জানতে চাইলে ওসি বলেন, বিনা অপরাধে আটক করে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে ওই পুলিশ অফিসার মাজহারুল হক পৌর শহরের নিউটাউন এলাকা থেকে মো. জুয়েল নামের এক রিকশাচালককে ধরে নিয়ে থানার পেছনে রান্নাঘরে বন্দি করে রাখেন।
এ সময় তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ওই পুলিশ। টাকা না দিলে ইয়াবা দিয়ে মামলা করা হবে বলে তাকে হুমকি দেয়া হয়। পরে জুয়েলের মা জরিনা বেগম খবর পেয়ে ১৩ হাজার টাকা ওই পুলিশকে ( মাজহারুলকে) দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ তার বিরুদ্ধে।
জরিনার অভিযোগ তার ঘরের জিনিসপত্র বিক্রি এবং মায়ের (জরিনার মা) ভিক্ষার ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা দেয়ার পর জুয়েলকে ছাড়া হয়।
এরপর ঘটনাটি গতকাল শুক্রবার স্হানীয় এক মিডিয়া কর্মীকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। এই ঘটনার অপরাধে পুলিশ সুপার আজ তাকে ক্লোজড করেন।

