ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো বিগ বসের ১.২ কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন ‘দঙ্গলকন্যা’ জায়রা ওয়াসিম। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জায়রা ওয়াসিমকে নাকি বিগ বস ১৩ তে অংশ নেয়ার জন্য অনুরোধ করেছিল বিগ বস টিম। কিন্তু তাদেরকে নাকি মুখের ওপর না বলে দিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা অভিনেত্রী।
কালার্স চ্যানেলে প্রচারিত বিগ বস শোতে বিতর্ক থেকে ইমোশন, লাইম লাইট থেকে গসিপ সবই থাকে।
বিগ বস সূত্রে জানা যায়, শোতে অংশ নেবার জন্য জায়রাকে নাকি ১.২ কোটি টাকা অফার করা হয়েছিল। কিন্তু জায়রা সবিনয়ে সেই প্রস্তাব নাকচ করে দেন। এক সপ্তাহ আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন এই মুসলিম অভিনেত্রী। এই সময়ে বিগ বসে অংশ নিলে স্বাভাবিকভাবেই টিআরপি বেড়ে যেতো শো’য়ের। সেই চিন্তা থেকেই সম্ভবত বিগ বস টিম তাকে আমন্ত্রণ জানিয়েছিল।
এদিকে শুরুতে এমনটাও শোনা গিয়েছিলো, সালমান খান নাকি এবারের শো সঞ্চালনা করতে ৪০০ কোটি টাকা নেবেন। পরে বলিউডের ভাইজানের তরফ থেকে জানানো হয়েছে, তিনি গতবারের থেকে ১ শতাংশ বেশি টাকা নিচ্ছেন। অর্থাৎ হিসেব মতো তার এই সিজনের পারিশ্রমিক ২০০ কোটি টাকা। আগেরবার শো-পিছু প্রতি সপ্তাহে তার পারিশ্রমিক ছিল ১১ কোটি টাকা। এবার সেটা বেড়ে হচ্ছে ১৩ কোটি টাকা। এনডিটিভি বাংলা।

